
সংসদের সরকারি দলের প্রধান হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, দেশের সংবিধান নতুন করে প্রণয়ন করা হবে না; প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, সংবিধানের একটি অক্ষর পরিবর্তন হলেও সেটি সংশোধন হিসেবেই গণ্য হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মণি বলেন, দল ও জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদী। তিনি বলেন, নতুন করে সংবিধান লেখা হবে না; প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমেই সব বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, এ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সচিবালয়ে এ বিষয়ে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে প্রধান হুইপ বলেন, সচিবালয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে প্রধানমন্ত্রীর আহ্বানে একটি অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটি নিয়ম রক্ষার নির্বাচন নয় এবং নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত।